জাতীয় সংসদের সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা সরাসরি ভোট দিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদের মোট ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬ জন সংসদ সদস্য বিভিন্ন কারণে ভোটদানে বিরত ছিলেন। আজ শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সংসদ কক্ষে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।
নির্বাচনে ভোট দেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, জামায়াতের গাজী নজরুল ইসলাম এবং খেলাফত মজলিসের আবুল হাসান। রুমিন ফারহানা এই নির্বাচনকে অর্থহীন ও মনোনয়ন হিসেবে অভিহিত করে ভোটদানে বিরত থাকেন। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে ভোট না দেওয়ার ঘোষণা দিলেও পরে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলসহ বিভিন্ন আশ্বাসে মির্জা ফখরুলকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়।
৩৫ বছর পর সংসদীয় ভোটে দেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৪৩ জন সংসদ সদস্যের ভোটে ২৫৫ ভোট পেয়ে তিনি জয়ী হন। আজ শুক্রবার সন্ধ্যায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।


0 Comments