‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, দিবসটি ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সাইবার প্যাট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই সার্বিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
র্যাব আরও জানায়, গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নজরদারি শুরু হয়েছে। পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদাপোশাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার টহল জোরদার করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সব প্রবেশপথে তল্লাশিচৌকি জোরদার করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছেন। জনসমাগমপূর্ণ এলাকায় সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে।
এর আগে পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশব্যাপী বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে মতিঝিল, মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব ও পুলিশের বিশেষ নজরদারি, তল্লাশিচৌকি এবং সাইবার টহলের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।


0 Comments