ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

এক বছরের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

এক বছরের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

এক বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার বিকেলে কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাঃ তায়েফ উদ্দিন মিয়া তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় করা একটি মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। তবে জামিন পেলেও আদালতের অনুমতি ছাড়া তিনি আপাতত দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়েছে। খায়রুল হকের আইনজীবীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে মোট ৯টি মামলা ছিল এবং সবকটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। সর্বশেষ বনানী থানার মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চই ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিল। গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। বারবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে তার ছেলে আইনজীবী আশিক উল হক হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেন।

সংক্ষেপে:
এক বছরের বেশি সময় কারাভোগের পর কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সবকটি মামলায় জামিন পাওয়ায় বুধবার বিকেলে তিনি কারামুক্ত হন।
এক বছরের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

0 Comments