কাজাখস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (আইওএআই ২০২৬) তিনটি ব্রোঞ্জপদক অর্জন করেছে বাংলাদেশ। শুক্রবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই গৌরবময় অর্জনের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে পদকজয়ীরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী। এছাড়া দলের চতুর্থ সদস্য হিসেবে অংশ নেন মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অনন্য যারিফ আকন্দ।
গত ২ আগস্ট শুরু হওয়া এই আসরে বিশ্বের ১০৭টি দেশের ৪৩৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মূল পর্বে ৪ ও ৬ আগস্ট মেশিন লার্নিংয়ের জটিল সমস্যার সমাধান করতে হয়েছে অংশগ্রহণকারীদের। পদকজয়ী সাইদুজ্জামান আরাফ জানান, এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক বি এম মইনুল হোসেন। তিনি জানান, গত আসরের তুলনায় এবার দলের ফলাফল আরও ভালো হয়েছে। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম খান। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ব্যবস্থাপনায় দীর্ঘ বাছাই প্রক্রিয়া ও প্রশিক্ষণের মাধ্যমে এই দলটিকে প্রস্তুত করা হয়েছিল।
কাজাখস্তানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ১০৭টি দেশের প্রতিযোগীদের হারিয়ে দেশের তিন কৃতি শিক্ষার্থী এই গৌরব অর্জন করেন।


0 Comments