উপমহাদেশের প্রখ্যাত দোতারা বাদক ও একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী কানাইলাল শীলের অবহেলিত জন্মভিটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে শিল্পীর বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে একটি আধুনিক মিউজিয়াম, স্মৃতিস্তম্ভ ও সংগীত শিক্ষালয়সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিরু আলী ফকির। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতিকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। আলোচনায় শিল্পীর বাড়িতে সহজ যাতায়াত নিশ্চিত করতে উন্নত সড়ক নির্মাণ এবং তাঁর ব্যবহৃত বিভিন্ন স্মারক সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পায়। এসব প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর জন্য ইউএনও-কে নির্দেশনা দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, কানাইলাল শীল শুধু ফরিদপুর বা বাংলাদেশের গর্ব নন, তিনি সমগ্র উপমহাদেশের লোকসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর স্মৃতিবিজড়িত এই স্থান সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। কীভাবে এটিকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য ও দর্শনীয় স্থানে রূপ দেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী জন্মভিটা সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ ও মিউজিয়াম নির্মাণসহ সব বিষয়ে একটি বিস্তারিত প্রস্তাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরিকল্পনা প্রণয়নের সময় স্থানীয়দের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
নগরকান্দার দোতারা ও বাঁশিবাদক নূহ আমিনুর রহমান (মিন্টু) প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই দাবি জানানো হচ্ছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই তড়িৎ সাড়া প্রশংসনীয়।
উল্লেখ্য, সম্প্রতি কানাইলাল শীলের জন্মভিটার জরাজীর্ণ অবস্থা ও পরিবারের হতাশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। এলাকাবাসীর প্রত্যাশা, এই ঘোষণার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কিংবদন্তি শিল্পীর স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত হবে।
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি দোতারা বাদক কানাইলাল শীলের অবহেলিত জন্মভিটা সংরক্ষণে উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। সেখানে আধুনিক মিউজিয়াম ও স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।


0 Comments