বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তাবিত নীতিমালা নিয়ে বিশেষ বার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই নীতিমালার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। একইসঙ্গে নীতিমালাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেছে সরকার।
মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো বিবৃতিতে জানানো হয়, দেশে নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলা। জরুরি পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগ ও অবকাঠামোকে কাজে লাগানোই এর অন্যতম উদ্দেশ্য।
জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নিয়েই নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ ও স্বচ্ছতা নিশ্চিত হলেই কেবল এটি কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হবে। সম্প্রতি এই নীতিমালা নিয়ে ছড়ানো অনুমাননির্ভর তথ্যের বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। খসড়া এই নীতিমালা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে অনুরোধ জানানো হয়েছে।


0 Comments