চট্টগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ফটিকছড়ি উত্তর উপজেলার তিন ইউনিয়নের আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার বিকেলে উপজেলার হেয়াকো বাজারে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে তার বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় ডিসি অফিস ঘেরাও, বৃহত্তর বিক্ষোভ ও অবরোধের মতো ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। তারা আরও বলেন, জনগণের যৌক্তিক দাবিকে অবহেলা করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম কনভেনর একরামুল হক বাবুল, নুরুল আমীন আজাদ, আবু মুসা জীবন, আবু মেম্বার, ইদ্রিস মিয়া ইলিয়াস, জসিম উদ্দিন, নুরুল আলম, শাহাদাত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে শনিবার ফটিকছড়িতে এক অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছিলেন, বাংলাদেশের মতো ছোট দেশে একটি উপজেলা ভেঙে দুটি করা হয়েছে যাতে সরকারি সেবা সহজ হয়। বিশ্বের অনেক দেশে সেবা পেতে কয়েক ঘণ্টা পথ পাড়ি দিতে হয়, সেই তুলনায় বাংলাদেশে দূরত্ব অনেক কম। এই দূরত্ব কেন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তা তার বোধগম্য নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। মূলত এই বক্তব্যের প্রতিবাদেই আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।
চট্টগ্রামের জেলা প্রশাসকের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ফটিকছড়িতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে ডিসি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
-6a6f4c89415ad.webp)

0 Comments