প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই শপথ নেন। একই অনুষ্ঠানে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আরও চারজন শপথ নিয়েছেন। তাদের মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্মগ্রহণ করা হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস, ইউনিভার্সিটি অব কেমব্রিজ ও লিডস ল স্কুল থেকে তিনটি ভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে হুমায়ুন কবির লন্ডনের মেয়রের কার্যালয় এবং ব্রিটিশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিপরিষদ বিভাগ এবং ঋষি সুনাকের সরকারের ন্যায় মন্ত্রণালয়ে বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নভেম্বর মাসে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন হুমায়ুন কবির। এর আগে লন্ডনে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক ও কূটনৈতিক যোগাযোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) হিসেবে দায়িত্ব পান। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করে আসছিলেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে ড. আবদুল মঈন খান ও আন্দালিব রহমান পার্থসহ আরও চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।


0 Comments