সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সরকারি সফরে রিয়াদের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি।
পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে। বর্তমানে সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই প্রতিনিধিদলে যুক্ত হবেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতময় পরিস্থিতি নিয়েও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হতে পারে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদ সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সঙ্গে রয়েছেন সেনাপ্রধান ও জ্যেষ্ঠ মন্ত্রীরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে হবে গুরুত্বপূর্ণ আলোচনা।


0 Comments