দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। গত ১৩ আগস্ট দুপুরে চিরিরবন্দরের আমবাড়ী এলাকায় দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, র্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন—চিরিরবন্দরের মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলার মো. সালাউদ্দিন সান্জু, ফুলবাড়ীর মো. আনিছুর রহমান এবং বিরামপুরের উজ্জল আলী। তাদের কাছ থেকে তিনটি কাচের জারে রাখা মোট ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল এবং মোবাইল ফোনসহ জব্দকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘ দিন ধরে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করে আসছিলেন। উদ্ধারকৃত নমুনা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে পরীক্ষার পর গত ১৯ আগস্ট নিশ্চিত হওয়া যায় যে এগুলো সাপের বিষ। ওই দিনই আসামিদের থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, অবৈধ দ্রব্য পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।


0 Comments