ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত পুষ্টি গ্লোরি ফুটবল কার্নিভাল কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ জন বিজয়ীর হাতে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ ও বইসহ বিভিন্ন আকর্ষণীয় গ্যাজেট তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় মেগা বিজয়ী হিসেবে ঢাকার মুহাম্মদ ফরহাদুর রেজা মামুন একটি স্মার্টফোন ও বই লাভ করেন।
পুরস্কারপ্রাপ্ত অন্যান্য বিজয়ীরা হলেন ঢাকার মোহাম্মদ শামিম ওয়াহিদ, মো. মিনহাজ চৌধুরী ও শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জের সাকিফ আল আমিন, চট্টগ্রামের রাইসুল কবির, গাজীপুরের আহমাদুর রহমান ও মেহজাবিন, সাতক্ষীরার ইকবাল কবির খান, সুনামগঞ্জের মো. ফয়সল আহমেদ, দিনাজপুরের বাস্তব চন্দ্র রায়, রংপুরের ডা. এম এ হালিম এবং গাইবান্ধার মো. ছানাউল হক মণ্ডল। তারা প্রত্যেকেই পুরস্কার হিসেবে একটি করে স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোন ও বই পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার এবিএম জাবেদ সুলতান। টি কে গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ব্র্যান্ড মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং পুষ্টি গ্লোরি ডিভিশনের হেড অব সেলস মির্জা মোহাম্মদ হারুনার রাশেদ।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, পাঠকদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখাই প্রথম আলোর সব উদ্যোগের মূল লক্ষ্য। টি কে গ্রুপের মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারকে ভোক্তাদের কাছে পরিচিত করতে এবং বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতেই এই কুইজ কার্নিভালের আয়োজন করা হয়েছিল। প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি জানান, এই প্রতিযোগিতায় ৬১ হাজার ৮২৫ জন নিবন্ধিত পাঠক মোট ৬ লাখ ৫০ হাজার ৫৬৭ বার অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক খায়রুল বাবুই।
পুষ্টি গ্লোরি ফুটবল কার্নিভালের কুইজ বিজয়ীদের হাতে স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৩ জন বিজয়ীকে এই সম্মাননা প্রদান করা হয়।

0 Comments