সোহম শাহ অভিনীত এবং প্রযোজিত আলোচিত সিনেমা ‘তুমবাড’-এর সিক্যুয়েলে আলিয়া ভাটের অভিনয়ের গুঞ্জন অবশেষে সত্যি হলো। নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, ‘তুমবাড ২’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আলিয়া। এর আগে এই প্রজেক্টে নওয়াজুদ্দিন সিদ্দিকীর অন্তর্ভুক্তির খবর এসেছিল। এবার আলিয়ার যুক্ত হওয়ার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় এই তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে।
এই প্রজেক্টে যুক্ত হওয়া প্রসঙ্গে আলিয়া ভাট তার উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ‘তুমবাড’ সিনেমাটি প্রথমবার দেখার পর থেকেই তার মনে গভীর প্রভাব ফেলেছিল। এমন একটি রহস্যময় ও স্মরণীয় গল্পের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। পাশাপাশি সোহম শাহ ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকেও বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
অভিনেতা ও প্রযোজক সোহম শাহ বলেন, আলিয়ার অন্তর্ভুক্তিতে পুরো টিম অত্যন্ত আনন্দিত। তিনি বিশ্বাস করেন, এই ছবিতে দর্শকরা আলিয়াকে সম্পূর্ণ নতুন এক রূপে আবিষ্কার করবেন। প্রযোজক জয়ন্তিলাল গাডা জানান, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘আরআরআর’-এর পর এটি আলিয়ার সঙ্গে তার তৃতীয় কাজ।
সোহম শাহ ফিল্মস ও পেন স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুমবাড ২’ পরিচালনা করছেন আদেশ প্রসাদ। চলতি বছরের ৩ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুমবাড’ এর ফ্যান্টাসি ও ভৌতিক আবহের জন্য ব্যাপক জনপ্রিয়তা ও কালজয়ী ছবির মর্যাদা অর্জন করেছিল।
তুমবাড ২ ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন আলিয়া ভাট। নওয়াজুদ্দিন সিদ্দিকী ও সোহম শাহর সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে তাকে। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।


0 Comments