ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে আব্দুলফজল সিপাহী বাদজানি এবং আমিরহোসেন সাফারি হোসেইনাবাদী নামের দুই ব্যক্তির মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দেশটির ইস্ফাহানের আলি খানি স্কয়ারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের দণ্ড কার্যকর করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। ইরান সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দণ্ডপ্রাপ্তরা নিরাপত্তা বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা, বোমা ও ধারালো অস্ত্র ব্যবহার এবং নিহতদের মরদেহ পুড়িয়ে দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের শেষ দিকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন চলতি বছরের ৭ ও ৮ জানুয়ারি চরম রূপ নিলে নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনে নামে। এরপর থেকেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়।
ইস্ফাহানে আন্দোলনের দায়ে মোট ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যার অংশ হিসেবে এই দুইজনের সাজা কার্যকর হলো। তবে এইচআরএএনএ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আইনজীবীদের মামলার নথিপত্র দেখার পূর্ণ সুযোগ দেওয়া হয়নি এবং তাদের পরিবারের সদস্যদেরও রায়ের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার দায়ে আব্দুলফজল সিপাহী বাদজানি ও আমিরহোসেন সাফারি হোসেইনাবাদীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। ইস্ফাহানে এই দণ্ড কার্যকর করে দেশটির সরকার।


0 Comments