সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের খবর এলাকায় পৌঁছালে শ্যামনগর চৌরাস্তা ও বংশীপুর মোড়ে স্থানীয় লোকজনকে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। সেখানে উপস্থিত বিএনপিকর্মী মো. মনিরুজ্জামান সোহাগ জানান, নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডের দায়ে বিতর্কিত এই সংসদ সদস্যকে বহিষ্কার করায় সাধারণ মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছেন।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির জামায়াতে ইসলামীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি মনে করেন, শুধু দলীয় বহিষ্কারই যথেষ্ট নয়; বরং তার সংসদ সদস্য পদ বাতিল করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তকে জেলা শাখা স্বাগত জানিয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নৈতিক আদর্শের সংগঠন এবং এই সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে দলের ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব হবে। এ ঘটনায় দলের কর্মীদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হবে না বলেও তিনি মন্তব্য করেন।
ব্যক্তিগত ভিডিও ভাইরালের ঘটনায় নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এই সিদ্ধান্তে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।


0 Comments