কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
আদালতের নথি থেকে জানা যায়, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে জাফর আহমদ ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছিলেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় এই মামলার বিচার কাজ সম্পন্ন হয়। এর আগে চলতি বছরের ৫ মে বিভাগীয় বিশেষ জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জাফর আহমদকে কারাদণ্ড ও বিপুল পরিমাণ অর্থ জরিমানার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছরের কারাদণ্ড ও ৮ কোটি ৫৯ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রামের বিশেষ জজ আদালত।


0 Comments