বাংলাদেশে চলমান গ্যাস সংকট কাটিয়ে উঠতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এই সমস্যার সমাধানে নিরলস কাজ করছেন। এর আগে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি বিশেষ চিঠি পাঠান তিনি, যা বর্তমানে কুয়ালালামপুর সফরে থাকা শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন মালয়েশীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, মঙ্গলবার দুপুর ২টায় ফোনালাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরেন এবং ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। জবাবে আনোয়ার ইব্রাহিম দ্রুততম সময়ের মধ্যে তার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও টিমের সঙ্গে আলোচনা করে কার্যকর ফিডব্যাক দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি আশ্বস্ত করেন যে, বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবে মালয়েশিয়া সরকার পাশে থাকবে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে যে ঘাটতি রয়েছে তা কমিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ তৈরির পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানোর বিষয়েও আলোচনা চলছে। পেট্রোবাংলা ও আরপিজিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সংকট মোকাবিলায় দিনরাত কাজ করছে এবং প্রধানমন্ত্রী নিজে প্রতি মুহূর্তের খোঁজ নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপে দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার সরকার প্রধান।


0 Comments