আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফিলিপাইনের ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কো রুবিও। জবাবে পররাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা ও রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে।


0 Comments