চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে ইসরাইলপন্থি অবস্থানের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। আই২৪ নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।
সম্প্রতি ‘মোজো পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, এবারের বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার দিকে কড়া নজর রাখছেন। ইসরাইলের প্রতি অটল সমর্থনের জন্য তিনি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ হিসেবে অভিহিত করেন। নেতানিয়াহুর মতে, মিলে ইসরাইলের একজন গুরুত্বপূর্ণ মিত্র এবং বড় বন্ধু।
সাক্ষাৎকারে সঞ্চালক ফুটবল মহাতারকা লিওনেল মেসির নাম উল্লেখ করলে নেতানিয়াহু আর্জেন্টিনার ক্রীড়া শক্তির প্রশংসা করেন। তিনি বলেন, দেশটির একটি অত্যন্ত ভালো দল রয়েছে এবং সেখানে একজন বিশেষভাবে অভিজ্ঞ খেলোয়াড় আছেন। এ সময় তিনি মেসির ইসরাইল সফরের সময় তার সাথে সাক্ষাতের স্মৃতিও চারণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি ইসরাইল ও আর্জেন্টিনা ‘আইজ্যাক অ্যাকর্ডস’ ঘোষণা করেছে, যার মাধ্যমে দেশ দুটির মধ্যে কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর যখন রেফারিং নিয়ে বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এল।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেকে আর্জেন্টিনার আসল সুপারস্টার ও ইসরাইলের বড় বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।


0 Comments