বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচির উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে এই প্রস্তাব দেন। বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও উদ্ভাবনসহ বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও ভূমি ব্যবস্থাপনায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। সরকার বর্তমানে দেশের প্রয়োজন অনুযায়ী একটি নিজস্ব আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে বলেন, নগর পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা এবং সামুদ্রিক নজরদারিতে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রশিক্ষণ ও যৌথ গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশে এয়ারবাসের প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে প্রযুক্তিগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।


0 Comments