চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মুহাম্মদ আজম (৪৮) নামের এক দর্জিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত আজম ওই এলাকার বাসিন্দা এবং নিজ বাড়িতেই দর্জির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন মুহাম্মদ আজম। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে প্রথমে তার পায়ে গুলি করে। পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে মেখল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ সৈয়দ মিয়া জানান, স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
হাটহাজারী ও ফটিকছড়ি পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ জানান, নিহত মুহাম্মদ আজম পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তার শরীরে গুলি ও কোপানোর একাধিক চিহ্ন পাওয়া গেছে। মূলত পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দিদারুল নামের এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দিদারুলের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরার সময় মুহাম্মদ আজম নামের এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে।


0 Comments