ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজ দ্রুত শেষ করতে এবং বিদ্যমান আর্থিক সংকট নিরসনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের শ্যানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক ও একটি বিনিয়োগকারী সংস্থা। বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই)-এর শেয়ার হস্তান্তর নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হওয়ায় বর্তমানে সিঙ্গাপুরে সালিশি কার্যক্রম চলছে। এই পরিস্থিতির কারণে গত দুই বছরের বেশি সময় ধরে অর্থায়নকারী দুটি চীনা ব্যাংকের ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে। তবে প্রতিকূলতার মধ্যেও বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ অব্যাহত রেখেছে।
এই প্রেক্ষাপটে গত ২৯ জুলাই সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে তার কার্যালয়ে চীনের শ্যানডং প্রদেশের প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে প্রকল্পের বিকল্প অর্থায়নের বিভিন্ন কারিগরি ও আর্থিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, এক্সপ্রেসওয়ের আংশিক অংশ চালুর পর থেকে যানবাহনের চলাচল প্রত্যাশার চেয়েও বেশি হচ্ছে। পুরো প্রকল্প সম্পন্ন হলে বিনিয়োগকৃত অর্থ দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী এ এইচ এম এস আকতার এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে চীনের শ্যানডং প্রদেশের দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আর্থিক জটিলতা কাটাতে বিকল্প বিনিয়োগ নিয়ে সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে।


0 Comments