ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ উৎসর্গকারীদের স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন। এরপর জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ, জেলা পরিষদ, ফায়ার সার্ভিস, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন।
প্রশাসনের পাশাপাশি কুমিল্লা মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর শাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাই যোদ্ধা কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা তানভীর আহমেদ বলেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। গণতান্ত্রিক আন্দোলনের এই আত্মত্যাগ চিরস্মরণীয়। কুমিল্লা জেলায় অনেক মা তাদের সন্তান হারিয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক হলেও আমাদের জন্য গৌরবের বিষয়।
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল মাঠে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।


0 Comments