গাজীপুরে ভাওয়াল রাজাদের স্মৃতিবিজড়িত প্রায় ১৫৫ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জয়দেবপুরের রথখোলায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করা হয়। ভাওয়াল রাজবংশের বিলুপ্তি ঘটলেও শতবর্ষের এই ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য আজও স্বকীয়তায় পালিত হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জয়দেবপুর গাজীপুর প্রেসক্লাবের সামনে রথখোলায় আয়োজিত এই মেলায় প্রায় ৩০০টি স্টল বসেছে। আয়োজকদের তথ্যমতে, এসব স্টলে কাঠের আসবাবপত্র, মাটির তৈজসপত্র, বাঁশ ও বেতের শিল্পসামগ্রীসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য ও দেশীয় মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, সার্কাস ও বিভিন্ন খেলার ব্যবস্থা রয়েছে যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন জেলা থেকে আসা মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ এখন মিলনমেলায় পরিণত হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী শ্রী মাণিক্য মাধবের নিজ মন্দিরে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটবে।
গাজীপুরে শুরু হয়েছে ভাওয়াল রাজাদের স্মৃতিবিজড়িত ১৫৫ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা। ৯ দিনব্যাপী এই উৎসবে মেলা প্রাঙ্গণে বসেছে ৩০০টি স্টল।


0 Comments