যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এই দাম ৭০ দশমিক ১৪ ডলার পর্যন্ত নেমেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে।
জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে জানান, এই সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে। ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বাজারে বাড়তি ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিচ্ছেন।
ওমিদ শোকরি আরও উল্লেখ করেন, সংঘাতের কারণে যদি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয় কিংবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তবে তা বাজারের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি সমঝোতা যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন তেলের বাজার অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করবে তেলের দাম কতদিন চড়া থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালিতে উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।


0 Comments