চট্টগ্রাম বিভাগে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। রোববার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিভাগের ১১টি জেলার মোট ৪০৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার কবলে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৬টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলায়। বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়, যেখানে ২৮ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রাঙামাটি ও কক্সবাজারে একজন করে মোট দুইজন নিখোঁজ রয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, বিভাগের ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে এখনো ৩৪ হাজার ৭২৩ জন মানুষ অবস্থান করছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৬৭০টি আশ্রয়কেন্দ্রে সর্বোচ্চ ২২ হাজার ৬০০ জন রয়েছেন। বন্যায় পুরো বিভাগে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মধ্যে কক্সবাজারে ৪৮ হাজার ৬৩টি এবং বান্দরবানে ১৫ হাজার ৩৩০টি ঘর রয়েছে। দুর্গতদের সহায়তায় এ পর্যন্ত ৯২৩ মেট্রিক টন চাল, ৭ হাজার ২৮১ প্যাকেট শুকনা খাবার এবং ১ কোটি ২৭ লাখ নগদ টাকা বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। কক্সবাজারে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০ হাজার ঘরবাড়ি। এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন হাজারো মানুষ।


0 Comments