সাতক্ষীরায় পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে নাতে ধরা পড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ শাহ সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় নিজের স্ত্রীর হাতে ধরা পড়েন ফিরোজ শাহ। এ সময় সেখানে উপস্থিত সাধারণ মানুষের সামনেই হট্টগোল শুরু হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।
এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার ১২ নম্বর বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফিরোজ শাহকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে সকল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা সংগঠনের নির্দেশনায় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বিষয়টি নিয়ে বিশদ তদন্ত চলছে। তদন্তে চূড়ান্তভাবে দোষী প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের এই সাংগঠনিক সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাতক্ষীরায় পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে নাতে ধরা পড়ায় জামায়াত নেতা ফিরোজ শাহকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সংগঠনটি।


0 Comments