সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব উল্লেখ করে চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্গত এলাকায় তিনি এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
ত্রাণ বিতরণকালে আবদুল মোনায়েম মুন্না বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সেবায় যুবদল সার্বক্ষণিকভাবে নিবেদিত রয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও জরুরি সামগ্রী বিতরণের পাশাপাশি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর রাখছেন। মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন এবং এই সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিন বাঁশখালীর বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি ভেঙে দুর্গতদের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন যুবদল সভাপতি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তারেক রহমানের নির্দেশে দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মানবিক সহায়তার আহ্বান জানান তিনি।


0 Comments