ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্যবসায়ী আবুল কাসেমকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় দুই নম্বর আসামি বিএনপি নেতা ফরহাদ হোসেন ওরফে কোম্পানীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে দিনাজপুর র্যাব-১৩ এর সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং মহিষমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের ব্যবসায়ী আবুল কাসেমের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেন ফরহাদ আলীর ভাই সাইফুল ইসলাম। পরবর্তীতে ব্যবসায়ী তার মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার উদ্যোগ নিলে গত ১ জুলাই সাইফুল ও ফরহাদ তাকে প্রকাশ্যে মারধর করে এলাকা ছাড়া করেন। এই সামাজিক অপমান সহ্য করতে না পেরে গত ৫ জুলাই নিজ বাড়িতে আত্মহত্যা করেন আবুল কাসেম।
এই ঘটনায় নিহতের স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে সাইফুল ইসলামকে প্রধান আসামি এবং ফরহাদ আলীকে দ্বিতীয় আসামিসহ মোট ৮ জনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় বিএনপি নেতা ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ের বিয়ে ও অপমানের জেরে ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


0 Comments