চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিলেও পরবর্তী ২০৩০ আসরে এই সংখ্যা বাড়িয়ে ৬৪ করার ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি সুইস সংবাদমাধ্যম ব্লুউইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করবে।
জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে কেবল নির্দিষ্ট কিছু অঞ্চলের কথা ভাবলে চলবে না, বরং পুরো বিশ্বের কথা চিন্তা করতে হবে। প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার অধিকার থাকা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বজুড়ে ফুটবলের মান দিন দিন উন্নত হচ্ছে এবং ছোট দেশগুলোকে বড় আসরে সুযোগ না দিলে তাদের উন্নতির অনুপ্রেরণা কমে যাবে।
এর আগে ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩২ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হতো। ২০২৬ আসরে তা বাড়িয়ে ৪৮ দল করা হয়, যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এই ৪৮ দলের আসরকে বিশাল সাফল্য হিসেবে অভিহিত করে ইনফান্তিনো জানান, এবার সব মহাদেশের দলগুলোই পয়েন্ট পেয়েছে এবং আফ্রিকার ১০টি দলের মধ্যে ৯টিই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।
২০৩০ সালের বিশ্বকাপ উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, মরক্কো, পর্তুগাল ও স্পেনে আয়োজনের কথা রয়েছে। যদি ৬৪ দলের প্রস্তাবটি শেষ পর্যন্ত অনুমোদিত হয়, তবে দক্ষিণ আমেরিকার তিন আয়োজক দেশ একটি করে পূর্ণাঙ্গ গ্রুপ আয়োজনের সুযোগ পেতে পারে, যেখানে বর্তমানে তাদের জন্য কেবল একটি করে ম্যাচ নির্ধারিত আছে।
২০৩০ ফিফা বিশ্বকাপে কি বাড়ছে দলের সংখ্যা? ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ দল করার ইঙ্গিত দিলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের বিশ্বায়ন ও ছোট দেশগুলোর অনুপ্রেরণা বাড়াতে এই পরিকল্পনা করছে ফিফা।


0 Comments