ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের ধাওয়ায় ট্রান্সফরমার ফেলে পালাল চোর, ঘটনাস্থলে মিলল জাতীয় পরিচয়পত্র ও মানিব্যাগ

গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের ধাওয়ায় ট্রান্সফরমার ফেলে পালাল চোর, ঘটনাস্থলে মিলল জাতীয় পরিচয়পত্র ও মানিব্যাগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির একটি চেষ্টা কৃষকদের সতর্কতায় ব্যর্থ হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের আজমতপুর গ্রামে এই ঘটনা ঘটে। পাহারায় থাকা কৃষকদের ধাওয়ার মুখে চোরচক্র তাদের ব্যবহৃত সরঞ্জামসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মানিব্যাগ ফেলে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজমতপুর মৌলভীবাড়ি গভীর নলকূপের সেচ কাজের জন্য তিনটি ট্রান্সফরমার রয়েছে। কয়েক দিন আগে একটি ট্রান্সফরমারের কয়েল চুরি হয়ে যাওয়ায় কৃষকরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছিলেন। সোমবার রাতে একদল চোর পুনরায় চুরির উদ্দেশ্যে সেখানে হানা দেয়। গভীর নলকূপের চালক আবু তৈয়ব আখন্দ জানান, রাত ৩টার দিকে ট্রান্সফরমারের কাছে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনি চিৎকার করে ধাওয়া করেন। এতে চোররা দ্রুত পালিয়ে গেলেও ঘটনাস্থলে তাদের ফেলে যাওয়া একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মানিব্যাগ, টর্চলাইট, গেঞ্জি, দুই জোড়া স্যান্ডেল, প্লাস্টিকের রশি ও একটি বাঁশ পাওয়া যায়। এই আলামতগুলো উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষক আনিসুর রহমান ও শফিকুল ইসলাম জানান, সারা দিন কৃষিকাজ করার পর রাতে পাহারা দেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে ঝড়-বৃষ্টির রাতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই সম্পদ রক্ষা করতে হচ্ছে। এই সমস্যা সমাধানে বর্ষা মৌসুমে যখন সেচের প্রয়োজন হয় না, তখন ট্রান্সফরমারগুলো খুলে পল্লী বিদ্যুতের হেফাজতে রাখার দাবি জানান তারা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাহাঙ্গীর আলম জানান, কোনো গ্রাহক চাইলে বর্ষা মৌসুমে ট্রান্সফরমার খুলে পল্লী বিদ্যুতের হেফাজতে রাখতে পারেন। যথাযথ আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে তা পুনরায় স্থাপন করে দেওয়া হবে।

সংক্ষেপে:
গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের ধাওয়ায় ট্রান্সফরমার ফেলে পালাল চোর। ঘটনাস্থলে পাওয়া গেছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মানিব্যাগ। কৃষকদের এই সাহসিকতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখুন সংবাদটি।
গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের ধাওয়ায় ট্রান্সফরমার ফেলে পালাল চোর, ঘটনাস্থলে মিলল জাতীয় পরিচয়পত্র ও মানিব্যাগ

0 Comments