নেদারল্যান্ডসের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবল রেফারি রব ডিপেরিঙ্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। ২০২৬ সালের বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও আসর শুরুর কিছুদিন আগে ফিফা তাকে অযোগ্য ঘোষণা করে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক শোকবার্তায় ডিপেরিঙ্কের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ রেফারি ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তারা তার পরিবার ও বন্ধুদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, গত এপ্রিলে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে ডিপেরিঙ্ককে সাময়িকভাবে বরখাস্ত করেছিল ফিফা। যদিও পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় ব্রিটিশ পুলিশ পরবর্তীতে মামলাটি খারিজ করে দেয়। কিন্তু ফিফা তাকে বিশ্বকাপের প্যানেলে পুনরায় অন্তর্ভুক্ত করেনি। এই সিদ্ধান্তে গভীর হতাশা ব্যক্ত করেছিলেন ডিপেরিঙ্ক। তিনি জানিয়েছিলেন, মিথ্যা অভিযোগের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার পরও ফিফার এমন সিদ্ধান্ত তাকে মর্মাহত করেছে।
লন্ডনের তদন্ত থেকে রেহাই পাওয়ার পর ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন তার পাশে দাঁড়িয়েছিল এবং তাকে ঘরোয়া লিগে ম্যাচ পরিচালনার সুযোগ দিয়েছিল। এছাড়া ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপেও তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন।
২০২৬ বিশ্বকাপ থেকে বাদ পড়ার হতাশার মধ্যেই নেদারল্যান্ডসের অভিজ্ঞ ফুটবল রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যু হয়েছে। ৩৮ বছর বয়সী এই রেফারির অকাল প্রয়াণে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


0 Comments