প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর ও বাসস্ট্যান্ড এলাকায় প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ জড়ো হন। ভোর ৬টা থেকেই মহাসড়কের দুই পাশে অবস্থান নেন উৎসুক জনতা। সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভাঙ্গা গোলচত্বরে পৌঁছালে উপস্থিত জনতা হাত নেড়ে তাকে অভিবাদন জানান এবং প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা আইয়ুব মোল্লা, স্বরন, এম এম সিদ্দিক মিয়া, জাহাঙ্গীর হোসেন, একরামুল, মিলন, ফজলে সুবাহান শামিম ও তুরান রহমানসহ অন্যান্যরা। এ সময় নেতাকর্মীরা ভাঙ্গার উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে ভাঙ্গায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এবং একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা জানান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন। তারা আরও বলেন, এলাকার উন্নয়নে শহিদুল ইসলাম বাবুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা তাকে মন্ত্রিসভায় দেখতে চান। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে ভাঙ্গাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বরিশাল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা। এ সময় স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরেন নেতাকর্মীরা।


0 Comments