চট্টগ্রামের সীতাকুণ্ডে রথযাত্রা উৎসব দেখতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জগন্নাথ দে নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি হাটহাজারী উপজেলার বারুইপাড়া গ্রামের প্রবাসী রুবেল দের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে জগন্নাথের মা জবা দেবী তার দুই সন্তানকে নিয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাইন্নারখোলা এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে ওই এলাকায় রথ পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে মা ও দুই ছেলে তা দেখছিলেন। এ সময় বাঁশবাড়িয়া সৈকতের দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা জগন্নাথকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দেওয়ার পর অটোরিকশাটি না থেমে শিশুটির শরীরের ওপর দিয়ে চলে যায় এবং চালক দ্রুত পালিয়ে যান।
দুর্ঘটনার পরপরই উপস্থিত লোকজন শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরাও তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফখরুল আমিন জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এছাড়া দুর্ঘটনায় শিশুটির কয়েকটি দাঁতও ভেঙে গিয়েছিল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে রথযাত্রা দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় জগন্নাথ দে নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দ্রুতগতির অটোরিকশাটি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


0 Comments