দেশের বিভিন্ন প্রান্তে চলমান বন্যায় পরিস্থিতির অবনতি হয়ে ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। বন্যায় দেশের ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ভারী বর্ষণের ফলে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা বন্যার কবলে পড়েছে। পানি কমতে শুরু করার সাথে সাথে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ফুটে উঠছে। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও জানান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যা মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
দেশের ৫৯টি উপজেলায় ভয়াবহ বন্যায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬৮টি ইউনিয়ন। দুর্গতদের সহায়তায় পৌনে দুই কোটি টাকা ও ত্রাণ বরাদ্দ দিয়েছে সরকার।


0 Comments