ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান এবং এই জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে চীন সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিকাল এ্যাটাচে মি. রু কি। অন্যদিকে বিরোধী দলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে তিস্তা ব্যারেজ মহা পরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ গুরুত্ব পায়। উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরেন। দুই দেশের জনগণের কল্যাণ, বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে এই বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।
রোহিঙ্গা সংকট সমাধান ও প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির মো. শফিকুর রহমান। চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।


0 Comments