নোয়াখালীর হাতিয়ায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে নিতে মাঝপথ থেকে যাত্রীবাহী ফেরি ঘাটে ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘মহানন্দা’ নামের ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে আনা হয়।
প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট ত্যাগ করে ফেরি মহানন্দা। ফেরিটি ছাড়ার প্রায় ২৩ মিনিট পর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ গাড়ি নিয়ে ঘাটে পৌঁছান। তিনি হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এমপির নির্দেশনা অনুযায়ী মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এরপর সংসদ সদস্য ও তাঁর নেতা-কর্মীরা ফেরিতে উঠলে সেটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির জানান, ফেরি ছাড়ার বেশ কিছুক্ষণ পর এমপিকে নিতে সেটি আবার ফিরে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে মাঝপথ থেকে ফেরি ফিরিয়ে আনায় তাঁদের অনেক সময় নষ্ট হয়েছে এবং তাঁরা আতঙ্কে ছিলেন। একজন ভিআইপির জন্য সাধারণ যাত্রীদের এভাবে ভোগান্তিতে ফেলা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, ফেরি ছাড়ার প্রায় ১০ মিনিট পর এমপির জন্য সেটি ঘাটে ফিরে আসে। ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয় বলে তিনি দাবি করেন। ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীন জানান, মেরিন ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী তিনি ফেরিটি ঘুরিয়ে ঘাটে এনেছিলেন। তবে এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাতিয়ায় এমপি আব্দুল হান্নান মাসউদকে নিতে মাঝপথ থেকে ফিরে এলো যাত্রীবাহী ফেরি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় এমন ঘটনায় সমালোচনার ঝড় বইছে।


0 Comments