জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে পরিচিত করতে পাঠ্যপুস্তক, গবেষণা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর সৃষ্টির প্রচার বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নজরুল-গবেষক ও শিল্পীরা। রোববার জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এক শিল্পী সম্মিলন ও মতবিনিময় সভায় এই প্রস্তাবনাগুলো উঠে আসে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, গণপরিবহন থেকে শুরু করে বিভিন্ন জনসমাগমস্থলে নজরুলের গান ও সাহিত্য উপস্থাপনের মাধ্যমে তাঁর দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগকে আরও কার্যকর ও জনমুখী করতে আয়োজিত সভায় বক্তারা শুধু রাজধানী নয়, বরং জেলা ও বিভাগীয় পর্যায়েও নজরুল প্রতিভা অন্বেষণ এবং কর্মশালা বাড়ানোর ওপর জোর দেন। এছাড়া বিদেশে ‘নজরুল কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠা এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নজরুলের সাহিত্যচর্চা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, মাদক ও উগ্রবাদমুক্ত সমাজ গঠনে সাংস্কৃতিক শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে নজরুলের সাহিত্য আরও বেশি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, সংগৃহীত পরামর্শগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে বছরব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সভায় লুবনা মারিয়াম, ফেরদৌস আরা, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, সাদিয়া আফরীন মল্লিক, ফাতেমা তুজ জোহরা, অধ্যাপক নাশিদ কামাল, ইয়াকুব আলী খান, গাজী আব্দুল হাকিম, সুজিত মোস্তফা, সীমা ইসলাম, এ এফ এম হায়াত উল্লাহ, সাজু আহমেদ এবং প্রিয়াংকা গোপসহ প্রায় চার শ শিল্পী ও গবেষক অংশ নেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্পী ও গবেষকরা কবির সৃষ্টিকে পাঠ্যপুস্তক ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রসারের আহ্বান জানান।


0 Comments