দীর্ঘ ২২ বছর পর বরিশালের গৌরনদী সফর করলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সরকার গঠনের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। সোমবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কোনো ধরনের তোরণ বা ব্যানার ছাড়াই স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তাকে সাদামাটাভাবে স্বাগত জানান।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালের পাড়ে নারিকেল ও নিম গাছের চারা রোপণ করেন। এর মাধ্যমে তিনি সরকারের মেগা নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ রোপণ করলেই হবে না, শিশুদের মতো পরম মমতায় এগুলোর যত্ন নিতে হবে।
এরপর প্রধানমন্ত্রী বাটাজোর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে নারী প্রধানদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন। তিনি উল্লেখ করেন, নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নে এই কার্ড একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। তিনি নারীদের আশ্বস্ত করেন যে, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরকার কঠোর নজরদারি বজায় রাখবে।
সর্বশেষ ২০০৩ সালে গৌরনদী সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। গৌরনদীর কর্মসূচি শেষে তিনি বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ ও শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দিতে রওনা হন।
দীর্ঘ ২২ বছর পর বরিশালের গৌরনদী সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
-6a5494ea5d89f.webp)

0 Comments