কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলের অভিযোগ উঠেছে ইজারাদার ফোরকান চৌধুরীর বিরুদ্ধে। ইউনিয়ন বিএনপির সাবেক এই সাংগঠনিক সম্পাদক পশুর হাটের ইজারা নিয়ে নির্ধারিত সময় পার হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। বরং সেখানে স্থায়ী ঘর নির্মাণ করে সরকারি জমি দখলে রেখেছেন বলে জানা গেছে।
সূত্রমতে, ২০২৫-২৬ অর্থবছরে বালুখালী কাস্টমঘাট এলাকায় অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেয় উখিয়া উপজেলা প্রশাসন। ইজারাদার ফোরকান চৌধুরী কোরবানির ঈদ শেষ হওয়ার দুই মাস পরেও হাটের অবকাঠামো না সরিয়ে সেখানে গরু রাখার স্থায়ী ঘর তৈরি করেছেন। উখিয়াঘাট মৌজার আরএস দাগ নম্বর-৪৮ এবং বিএস দাগ নম্বর-১৬৩ ভুক্ত এই জমিটি মূলত সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত সম্পত্তি, যা স্থানীয়রা খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং ইজারাদারকে স্থাপনা সরাতে ইতিপূর্বে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী নিশ্চিত করেছেন যে, জায়গাটি সওজের এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হয়েছে।
তবে অভিযুক্ত ফোরকান চৌধুরী তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিষয়টিকে সাংবাদিকদের ষড়যন্ত্র বলে দাবি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উখিয়ার বালুখালীতে পশুর হাটের ইজারা নিয়ে সওজের জমি দখলের অভিযোগ উঠেছে ফোরকান চৌধুরীর বিরুদ্ধে। প্রশাসনের নির্দেশ সত্ত্বেও অবৈধ স্থাপনা না সরানোয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।


0 Comments