ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিবকে শোকজ

সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিবকে শোকজ

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগে মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিব এম. মিজানুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে মেঘনা উপজেলা বিএনপির নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এম. মিজানুর রহমান দলের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মেঘনা উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানুর রহমানের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এছাড়া 'আজহারুল হক শাহিন সমর্থক গোষ্ঠী' নামক একটি ফেসবুক পেজ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, দায়িত্বশীল নেতার এমন আচরণ রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী এবং দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টির অপচেষ্টা। এ বিষয়ে জানতে চাওয়া হলে মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিব এম. মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংক্ষেপে:
সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মিজানুর রহমানকে শোকজ করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। সাত দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।
সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিবকে শোকজ

0 Comments