টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। মঙ্গলবার (৭ জুলাই) তিনি উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন এবং পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম রেজু খালের অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দেখা যায়, ওই দুই ইউনিয়নের অধিকাংশ এলাকার পানি নামতে শুরু করেছে। এরপর ইউএনও পান্না আক্তার জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত আশ্রয়কেন্দ্রটি আকস্মিক পরিদর্শন করেন এবং এর প্রস্তুতি যাচাই করেন। দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলায় ইতোমধ্যে ৪৫টি সাইক্লোন সেন্টার বা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
উখিয়ায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছেন ইউএনও পান্না আক্তার। পরিদর্শন করেছেন বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ৪৫টি সাইক্লোন সেন্টার।


0 Comments