আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই ঘোষণা প্রদান করেন। প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতেই এই বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে প্রয়োজনের তুলনায় বনভূমি ও গাছের সংখ্যা অনেক কম। পরিবর্তিত জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসায় পরিবেশ রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি কেবল গাছ লাগানোই নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিজেদের দেশকে সুন্দর রাখতে আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে, বাইরের কেউ এসে এটি করে দিয়ে যাবে না।
এই কর্মসূচির জন্য প্রধানমন্ত্রী "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" শীর্ষক একটি নতুন স্লোগান ঘোষণা করেন। গৌরনদীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি নিজে ২ হাজার ৫০০টি চারা রোপণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল সফরে গিয়ে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের সরিকল খালের পাড়, বরিশাল সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এবং সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে তাঁর।
আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


0 Comments