কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের উদ্যোগে জুলাই মাসের মাসিক সাহিত্য আড্ডা ও উন্মুক্ত সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি শিশু পরিবার ও বাজারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ইভেন্টে বিজয়ী ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, শিশু-কিশোরদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই প্রতি মাসে অন্তত দুই থেকে ছয়টি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে ভ্রাম্যমাণ লাইব্রেরি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর ড. এমদাদুল হক মামুন, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান এবং সহকারী শিক্ষক সাবেকুন নাহার স্বপ্না ও ফাতেমা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান মো. মাসুদ রানা এবং টিটিএনের সিনিয়র রিপোর্টার দ্বীপেন দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে আগামীতেও এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে আয়োজিত সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এই নিয়মিত আয়োজন প্রশংসিত হচ্ছে।


0 Comments