ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বন্যায় লণ্ডভণ্ড কক্সবাজারের মৎস্য খাত: ৪৬ কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা চাষিরা

বন্যায় লণ্ডভণ্ড কক্সবাজারের মৎস্য খাত: ৪৬ কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা চাষিরা

টানা নয় দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় কক্সবাজার জেলার মৎস্য খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। কয়েক দিনের টানা বন্যায় জেলার হাজার হাজার পুকুর ও ঘের তলিয়ে গিয়ে কোটি কোটি টাকার মাছ, চিংড়ি ও পোনা ভেসে গেছে। এতে ক্ষুদ্র ও মাঝারি চাষিরা যেমন সর্বস্বান্ত হয়েছেন, তেমনি জেলার সামগ্রিক মাছ উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলা মৎস্য বিভাগের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বন্যায় জেলার ৩ হাজার ৯১৮টি পুকুর ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মোট আয়তন ৫ হাজার ২৫৪ একর। এতে সরাসরি ক্ষতির মুখে পড়েছেন ৭৬৮ জন মৎস্যচাষি এবং মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ২২ লাখ টাকা। প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যায় ১ হাজার ৯৭ মেট্রিক টন মাছ, ৩৮৫ মেট্রিক টন চিংড়ি, ৩ লাখ ৫৬ হাজার পোনা এবং ২২১ লাখ পিস পোস্ট লার্ভা ভেসে গেছে। এর মধ্যে মাছ উৎপাদনেই সবচেয়ে বেশি ১৯ কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া চিংড়িতে ১২ কোটি ৬২ লাখ, পোনায় ৫ কোটি ১০ লাখ এবং পিএলে ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলাভিত্তিক ক্ষয়ক্ষতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া। সেখানে ১৪ কোটি ৭৪ লাখ টাকার মৎস্যসম্পদ নষ্ট হয়েছে, যা জেলার মোট ক্ষতির প্রায় এক-তৃতীয়াংশ। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতি হয়েছে মহেশখালীতে ৬ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া চকরিয়ায় ৬ কোটি ৩ লাখ, মাতামুহুরীতে ৫ কোটি ৬৭ লাখ, টেকনাফে ৫ কোটি ১৪ লাখ, কক্সবাজার সদরে ৪ কোটি ৪৪ লাখ, পেকুয়ায় ২ কোটি ১০ লাখ, ঈদগাঁওয়ে ১ কোটি ৫ লাখ এবং রামুতে ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে। চকরিয়ার মৎস্যচাষি মনির উদ্দিন জানান, পুকুরের বাঁধ ভেঙে মাছ বেরিয়ে যাওয়ায় এবং অনেক পুকুর কাদায় ভরে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত পুনর্বাসন ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা না করলে আগামী মৌসুমে মাছের সরবরাহে বড় সংকট দেখা দিতে পারে। কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হবে।

সংক্ষেপে:
কক্সবাজারে টানা নয় দিনের বন্যায় মৎস্য খাতে ৪৬ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় চার হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় চরম সংকটে পড়েছেন জেলার কয়েকশ মৎস্যচাষি।
বন্যায় লণ্ডভণ্ড কক্সবাজারের মৎস্য খাত: ৪৬ কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা চাষিরা

0 Comments