জাতীয় সংসদে বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর ব্যয়ের তুলনামূলক চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ জুলাই) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। জামায়াতের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শুধুমাত্র এক বছরের খাওয়ার পেছনেই ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। তিনি উল্লেখ করেন, এই বিপুল পরিমাণ খরচ কেবল একটি খাতেই সীমাবদ্ধ নয়, আরও অনেক ক্ষেত্রেও একই ধরনের ব্যয়ের নজির রয়েছে। মুজিব বর্ষ উদযাপন প্রসঙ্গে মন্ত্রী জানান, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং ডিজিটাল বোর্ড তৈরিতে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত ব্যয়ের হিসাব সংবলিত বিবরণীও তিনি সংসদে পেশ করেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনগণের অর্থ লুট করে যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে এবং এ বিষয়ে সরকার কোনো আপস করবে না।
সাবেক প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়ার খরচ ৩৫ কোটি টাকা এবং মুজিব বর্ষ উদযাপনে ৯৮২ কোটি টাকা ব্যয়ের তথ্য সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি।


0 Comments