সারা দেশে অতিবর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরও দুর্গতদের সেবায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন পৃথক বার্তায় সরকারের এসব পদক্ষেপ ও নির্দেশনার কথা জানান।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ভারি বর্ষণে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এদিকে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১০টি সুনির্দিষ্ট নির্দেশনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিতভাবে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করা। চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জন্য সাধারণ ত্রাণ কর্মসূচির আওতায় ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল দ্রুততম সময়ে বরাদ্দ করা হয়েছে।
দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য এবং নিয়মিত খাবার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চালানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে দুর্গত এলাকার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া রেল যোগাযোগ সচল রাখতে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পাহাড়ধসের ঝুঁকিতে থাকাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করবে সরকার।
দলীয় প্রধান হিসেবে তারেক রহমান মাঠপর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, দলমতের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছেন।
দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারসহ ৫ জেলায় বিশেষ ত্রাণ বরাদ্দ ও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।


0 Comments