টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত জুন মাসে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেও নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত না হওয়ায় তা গৃহীত হয়নি। সেই সময় দেশের বাইরে থাকায় পদত্যাগ প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়।
কোয়েল মল্লিকের এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা কমে ৯-এ দাঁড়িয়েছে। এর আগে দলটির আরও তিন সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেছিলেন। এদিকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর কোয়েল মল্লিক বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। এই সাক্ষাতের পর তার বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে তৃণমূলের প্রার্থী তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নামও ছিল। গত এপ্রিলে তিনি দিল্লিতে শপথ গ্রহণ করেন। শপথের সময় তিনি এটিকে দেশ ও মানুষের সেবার একটি মহৎ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছিলেন।
রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল ছাড়ার পর বিজেপি নেতার সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।


0 Comments