ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। তবে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মার্কিন তারকা ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা সংক্রান্ত বিতর্ক। ম্যাচ শেষে বেলজিয়াম ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফাকে উদ্দেশ্য করে বিদ্রূপাত্মক মন্তব্য করেছে।
ঘটনার সূত্রপাত হয় শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বালোগুনের লাল কার্ড পাওয়াকে কেন্দ্র করে। নিয়ম অনুযায়ী এই ম্যাচে তার খেলার কথা না থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের আইনি ফাঁক ব্যবহার করে নিষেধাজ্ঞা স্থগিত করে। ট্রাম্প নিজেই হোয়াইট হাউসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করার কথা স্বীকার করেন। যদিও ইনফান্তিনো ফিফার বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখার দাবি করেছেন।
রাজনৈতিক এই বিতর্কের কড়া জবাব মাঠেই দিয়েছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোল এবং হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর লক্ষ্যভেদে বিধ্বস্ত হয় মার্কিনরা। জয় শেষে বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাসকিন বলেন, তারা বিশ্বাস করেন শেষ পর্যন্ত সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই তারা যথাযথ বার্তা দিয়েছেন। উদযাপনের সময় বেলজিয়ামের খেলোয়াড়দের ট্রাম্পের বিখ্যাত নাচ অনুকরণ করতে দেখা যায়।
এই নজিরবিহীন ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ও উয়েফা। ফিফার ভূমিকা খতিয়ে দেখতে এবং তদন্তের দাবিতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি ফুটবল অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।
ট্রাম্পের হস্তক্ষেপ ও ফিফার বিতর্কিত সিদ্ধান্তের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। এই জয়কে ফুটবলের নৈতিক বিজয় হিসেবে দেখছে ইউরোপীয় ফুটবল মহল।


0 Comments