জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশের আদালতগুলোতে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রদান করেন। মন্ত্রী জানান, গত এক বছরে উচ্চ আদালতে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।
আইনমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩৮ হাজার ৭১৩টি এবং হাইকোর্ট বিভাগে ৫ লাখ ২২ হাজার ৩৩১টি মামলা বিচারাধীন। ২০২৫ সালে আপিল বিভাগে ৭ হাজার ৫৫৩টি এবং হাইকোর্ট বিভাগে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে, অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি। চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অধস্তন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলার মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ৪১৪টি মামলা পাঁচ বছরের বেশি পুরোনো।
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশের ২০টি জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু থাকায় নিয়মিত মামলা দায়েরের হার ৬২ দশমিক শূন্য ৮৩ শতাংশ হ্রাস পেয়েছে। এই উদ্যোগ সফল হওয়ায় পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে এটি কার্যকর করা হবে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে উচ্চ ও অধস্তন আদালতে বিচারক স্বল্পতা নিরসনে কাজ চলছে।
এদিকে, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জানান, বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫৩টি ইউনিয়নকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৭টি ইউনিয়ন অতি উচ্চ পানিসংকটে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দেশে বর্তমানে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ২০টি জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতার ফলে মামলা দায়েরের হার ৬২ শতাংশ কমেছে।


0 Comments