ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেট লিগে এক অভিনব ও জঘন্য প্রতারণার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম লিগে সল্টবার্ন ক্রিকেট ক্লাব ও মিডলসবরো ক্রিকেট ক্লাবের দ্বিতীয় একাদশের মধ্যকার ম্যাচে এই জালিয়াতির ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যাটসম্যানের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় সল্টবার্নের প্রথম স্লিপে দাঁড়ানো ফিল্ডার ব্রায়ান ডিভাইন ইচ্ছাকৃতভাবে আঙুল মটকে একটি শব্দ তৈরি করেন। আম্পায়ার সেই শব্দকে বল ব্যাটে লাগার আওয়াজ মনে করে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন। অথচ ভিডিওতে দেখা গেছে বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট দূরত্ব ছিল। এই লিগের দ্বিতীয় ডিভিশনে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সল্টবার্ন ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে এমন প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে।
মিডলসবরো দলের অধিনায়ক ররি কটেরিল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তিনি নিজে নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে এই জালিয়াতি প্রত্যক্ষ করেছেন। তার দাবি, ওই ম্যাচে অন্তত তিনবার এমন ঘটনা ঘটেছে এবং এর শিকার হয়েছেন ১৫ ও ১৬ বছর বয়সী দুই তরুণ ক্রিকেটার। স্থানীয় ক্রিকেটার বেন মামেরি প্রথম এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একে ক্রিকেটের ইতিহাসে অন্যতম জঘন্য রূপ হিসেবে আখ্যা দেন।
পরিসংখ্যান অনুযায়ী, সল্টবার্নের উইকেটকিপার চলতি মৌসুমে মাত্র ৮ ম্যাচে ৩১টি ক্যাচ নিয়েছেন, যা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এমনকি এক ইনিংসে তিনি ৮টি ক্যাচ নেওয়ার রেকর্ডও গড়েছেন, যেখানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ক্যাচের রেকর্ড রয়েছে। বিষয়টি নজরে আসার পর লিগ কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে আঙুল মটকে শব্দ করে ব্যাটসম্যানকে আউট করার অভিনব প্রতারণা ধরা পড়েছে ভিডিওতে। এই জালিয়াতির ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় লিগ কর্তৃপক্ষ।


0 Comments